নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষঃ আটজন আহত
নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে পৌরশহরের উত্তর দৌলতপুরের গরুহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লাকী আক্তার (৩৪), আরমান (২০), রিনা আক্তার (৪০), নাদিম মিয়া (৩৫), আপন মিয়া (২০), সাজিয়া আক্তার (৩৫), সুমন মিয়া (৪০) ও মিনা আক্তার (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গরুহাট্টা এলাকায় রমজান মিয়ার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে মোবাইলে ছবি তোলা নিয়ে একই এলাকার হেলাল মিয়ার ছেলে হাসান মিয়া ও আলাল উদ্দিনের ছেলে শান্ত মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ওই বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন