সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না: মুফতি আমির হামজা
সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কুষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে কয়েকদিন আগে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যুর দায় সাংবাদিকদের ঘাড়ে চাপিয়ে আমির হামজা এ মন্তব্য করেন।তিনি বলেন, এভাবে হঠাৎ আমাদের সামনে থেকে আমাদের অভিভাবক (জেলা আমির) আকস্মিকভাবে বিদায় নিতেন না।
এজন্য আমরা তাদেরকেই দায়ী করছি যারা এই ‘মব’ তৈরি করেছে। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না।
এসময় তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধির নাম উল্লেখ করে বলেন, ২০১৯ ও ২০২৩ সালের কাট-ছাঁট করা ভিডিও কারা ছড়িয়েছে, তাদের নাম জানতে চেয়েছেবিভিন্ন গোয়েন্দা সংস্থা। আমরা সেই নামগুলো দিয়েছি এবং শাস্তিও দাবি করেছি।
আমির হামজা আরও বলেন, বিরোধিতায় যারা আছে তারাই এসব তৈরি করছে। মানুষের ভেতরে ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পুরাতন জিনিসকে সামনে নিয়ে এসে কাট-ছাঁট করে আগে-পিছে একটা কথা লাগিয়ে বিতর্ক সৃষ্টি করছে।
আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষয়ে আমির হামজা বলেন, আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চেয়েছি এবং ভুল স্বীকার করেছি। আবার ২০২৬ সালেও ভুল স্বীকার করলাম।
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদাহরণ টেনে তিনি বলেন, টাকলা মুরাদ হাসান যে জাইমা রহমানকে নিয়ে বিশ্রী কথা বলেছে, তার বিরুদ্ধে তো আপনারা এই কয় বছরে একটা কথাও বলেননি। এমনকি তখন বালুর ট্রাকও সরাতে পারেননি। সুতরাং এগুলো আপনারা কেন করছেন, তা আমরা বুঝে ফেলেছি।
এছাড়া মুফতি আমির হামজা তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা করারও সমালোচনা করেন।


আপনার মতামত লিখুন