একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায়ঃ মির্জা ফখরুল
একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। তবে একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, একাত্তর আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ সৃষ্টি করেছে-বেঁচে থাকার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য। একাত্তর তাই অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এটিকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে। তাই এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন