চুয়াডাঙ্গায় ভোট কেন্দ্রে নগদ ৭৯ হাজার টাকা সহ ওয়ার্ড জামায়াতের আমির আটক
চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর দুই নেতা আটক হয়েছেন। চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৯ হাজার টাকা রাখার অভিযোগে জামায়াতের ওয়ার্ড আমির শরীফ জিসানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিন দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের নাপিতখালী সরকারি প্রাথমিক ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদার নাপিতখালী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডা. তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তবে তিনি কোন দলের সমর্থক– এ বিষয়ে এখনও জানা যায়নি বলে দাবি করেন তিনি।
দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, ‘তাঁকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন