খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন, ১৪৩২

জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা সহযোদ্ধাদের রক্ত ঝরলে দায় বিএনপিকে নিতে হবেঃ সারজিস

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা সহযোদ্ধাদের রক্ত ঝরলে দায় বিএনপিকে নিতে হবেঃ সারজিস

জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের কোনো সহযোদ্ধাকে যদি আওয়ামী লীগের হাতে পুনরায় খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তবে তার দায় তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধা জানানোর একটি ছবি শেয়ার করেছেন।

পোস্টে সারজিস লেখেন, ‘বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবেনা এবং সরকার গঠন করা সম্ভব হবে না তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন, তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো।’তিনি লিখেছেন, ফলে বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশি-বিদেশি কিছু এজেন্ট মিলে এই নির্বাচন করল এবং ক্ষেত্রবিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো। যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদের খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মশকরা করা ছাড়া আর কিছুই নয়।

সারজিস আলম আরও উল্লেখ করেন, যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয়নি, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরে বিষপ্রয়োগ করেছিল এবং হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করে ঘরছাড়া করেছিল— সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব আজ বিএনপি নিয়েছে।

বিএনপি’র স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক করে তিনি লেখেন, ‘বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন, সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত-নিপীড়িত হন, তবে তার দায় আপনাদের নেতা তারেক রহমানকে নিতে হবে।’

তিনি আরও লিখেছেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের কোনো সহযোদ্ধাকে যদি আওয়ামী লীগের কারণে পুনরায় খুন হতে হয় বা রক্ত দিতে হয়, তবে তার দায় তারেক রহমান ও বিএনপিকেই নিতে হবে। তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে জামায়াত ইসলামীর ইফতারের দাওয়াত

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
   
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে জামায়াত ইসলামীর ইফতারের দাওয়াত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সপরিবারে ইফতার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন।

বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামায়াতের প্রতিনিধি দল।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের এই আনুষ্ঠানিক সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধী দলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির সব বিতর্কের জায়গা যেন সংসদ হয়। এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে, তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। তারা আশা প্রকাশ করেন, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সহমিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে উপ-রেজিস্ট্রারের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
   
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে উপ-রেজিস্ট্রারের ওপর হামলার অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলকর্মী হৃদয়, আলামিনসহ আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী খন্দকার এহসান হাবীব জানান, বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের নেতৃত্বে একটি গ্রুপ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উপাচার্য দপ্তরে যায়। সে সময় তিনি উপাচার্যের ব্যক্তিগত সহকারীর (পিএস) কক্ষে অবস্থান করছিলেন। পরে মেডিকেল সেন্টারের সামনে ইমরান হোসেন প্রধান ও আলামিনের নেতৃত্বে একটি দল তার পথরোধ করে জানতে চায়, তিনি কেন উপাচার্য দপ্তরে গিয়েছিলেন এবং ভবিষ্যতে সেখানে যেতে নিষেধ করে।

তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান লিটনকে অবহিত করার কথা বললে ইমরান ও হৃদয় তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন। এ সময় অপর উপ-রেজিস্ট্রার আমিনুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

উল্লেখ্য, খন্দকার এহসান হাবীব জাতীয়তাবাদী কর্মকর্তা হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী কর্মকর্তা প্যানেল থেকে দুইবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করায় তিনি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একাধিক মামলার শিকার এবং চাকরিচ্যুত হন বলে জানা গেছে। পরবর্তীতে ৫ আগস্টের পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তিনি চাকরিতে পুনর্বহাল হন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা উপাচার্যের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন প্রধানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কক্সবাজারে জামিনে মুক্ত হয়ে এমপি কাজলের সঙ্গে আ.লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর সাক্ষাৎ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
কক্সবাজারে জামিনে মুক্ত হয়ে এমপি কাজলের সঙ্গে আ.লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর সাক্ষাৎ

কক্সবাজারের ঈদগাঁওয়ের আলোচিত উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বুধবার (২৫ফেব্রুয়ারি) বিকালে জামিনে মুক্তি পেয়েই কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সাথে পুষ্পমাল্য নিয়ে সাক্ষাৎ করেছেন।

এ সময় তার সাথে ছিলেন জামিনে মুক্তি পাওয়া আরেক আলোচিত ব্যাক্তি ফিরোজ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়লে তা মূহূর্তেই ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার ঝড় উঠে। উপজেলার রাজনৈতিক বোদ্ধাদের অভিমত আলোচিত সোহেল জাহান চৌধুরী বিএনপির সংসদ সদস্যদের সাথে সাক্ষাতের ঘটনায় উপজেলা বিএনপিতে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হতে পারে।প্রসঙ্গত ২৮ জানুয়ারি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ ইউনিয়নের বিভিন্নস্থানে ধানের শীষের জন্য ভোট ক্যাম্পেইন শুরু করেন আলোচিত আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরী। যা ব্যাপক আলোচনার ঝড় তুলে। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নিজ ঘর থেকে তাকে যৌথবাহিনী আটক করে।

You cannot copy content of this page