খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন, ১৪৩২

পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের একটি অপপ্রয়াসঃ প্রধানমন্ত্রী

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের একটি অপপ্রয়াসঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষ নিয়ে সীমান্তে দায়িত্ব পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ২০০৯ সালে পিলখানায় শাহাদাতবরণকারী সদস্যদের পরিবারবর্গ এবং সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানো সেনা কর্মকর্তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন এবং ২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

২৫ ফেব্রুয়ারিকে জাতির ইতিহাসের এক রক্তাক্ত দিন হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই নির্মম ঘটনা আমাদের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। দীর্ঘ ১৭ বছর পর শহীদদের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি নিজেকে কেবল একজন জনপ্রতিনিধি নয়, বরং একজন সেনা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন।

তিনি আরও জানান, দেশে ফেরার পর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদদের পরিবারের ১৭ বছরের বিচার না পাওয়ার নিদারুণ যন্ত্রণা উপলব্ধি করেছেন। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব বলে তিনি মনে করেন। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির স্মৃতি অম্লান রাখতে সরকার সেনাবাহিনী ও শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে কাজ করবে বলে তিনি জানান।

সীমান্তরক্ষী বাহিনীর গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার সময় থেকেই এই বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সঙ্গে অবিস্মরণীয় অবদান রেখে চলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাহিনীকে সুসংহত করতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মন্তব্য করেন, পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের একটি অপপ্রয়াস। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতে তাঁর সরকার কাজ করবে। একইসঙ্গে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

পরিশেষে মাহে রমজানের শিক্ষা নিয়ে তিনি মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার শান্তি এবং তাঁদের পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করার প্রার্থনা করেন। রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহ যেন ন্যায় ও শৃঙ্খলার পথে পরিচালিত হয়, সেই কামনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে জামায়াত ইসলামীর ইফতারের দাওয়াত

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
   
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে জামায়াত ইসলামীর ইফতারের দাওয়াত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সপরিবারে ইফতার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন।

বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামায়াতের প্রতিনিধি দল।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের এই আনুষ্ঠানিক সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধী দলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির সব বিতর্কের জায়গা যেন সংসদ হয়। এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে, তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। তারা আশা প্রকাশ করেন, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সহমিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে উপ-রেজিস্ট্রারের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
   
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে উপ-রেজিস্ট্রারের ওপর হামলার অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলকর্মী হৃদয়, আলামিনসহ আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী খন্দকার এহসান হাবীব জানান, বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের নেতৃত্বে একটি গ্রুপ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উপাচার্য দপ্তরে যায়। সে সময় তিনি উপাচার্যের ব্যক্তিগত সহকারীর (পিএস) কক্ষে অবস্থান করছিলেন। পরে মেডিকেল সেন্টারের সামনে ইমরান হোসেন প্রধান ও আলামিনের নেতৃত্বে একটি দল তার পথরোধ করে জানতে চায়, তিনি কেন উপাচার্য দপ্তরে গিয়েছিলেন এবং ভবিষ্যতে সেখানে যেতে নিষেধ করে।

তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান লিটনকে অবহিত করার কথা বললে ইমরান ও হৃদয় তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন। এ সময় অপর উপ-রেজিস্ট্রার আমিনুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

উল্লেখ্য, খন্দকার এহসান হাবীব জাতীয়তাবাদী কর্মকর্তা হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী কর্মকর্তা প্যানেল থেকে দুইবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করায় তিনি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একাধিক মামলার শিকার এবং চাকরিচ্যুত হন বলে জানা গেছে। পরবর্তীতে ৫ আগস্টের পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তিনি চাকরিতে পুনর্বহাল হন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা উপাচার্যের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন প্রধানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কক্সবাজারে জামিনে মুক্ত হয়ে এমপি কাজলের সঙ্গে আ.লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর সাক্ষাৎ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
কক্সবাজারে জামিনে মুক্ত হয়ে এমপি কাজলের সঙ্গে আ.লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর সাক্ষাৎ

কক্সবাজারের ঈদগাঁওয়ের আলোচিত উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বুধবার (২৫ফেব্রুয়ারি) বিকালে জামিনে মুক্তি পেয়েই কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সাথে পুষ্পমাল্য নিয়ে সাক্ষাৎ করেছেন।

এ সময় তার সাথে ছিলেন জামিনে মুক্তি পাওয়া আরেক আলোচিত ব্যাক্তি ফিরোজ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়লে তা মূহূর্তেই ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার ঝড় উঠে। উপজেলার রাজনৈতিক বোদ্ধাদের অভিমত আলোচিত সোহেল জাহান চৌধুরী বিএনপির সংসদ সদস্যদের সাথে সাক্ষাতের ঘটনায় উপজেলা বিএনপিতে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হতে পারে।প্রসঙ্গত ২৮ জানুয়ারি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ ইউনিয়নের বিভিন্নস্থানে ধানের শীষের জন্য ভোট ক্যাম্পেইন শুরু করেন আলোচিত আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরী। যা ব্যাপক আলোচনার ঝড় তুলে। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নিজ ঘর থেকে তাকে যৌথবাহিনী আটক করে।

You cannot copy content of this page