খুঁজুন
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২

মসিকের মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথের বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটের অভিযোগ

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
মসিকের মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথের বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটের অভিযোগ

দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। কাগজে কলমে প্রকল্প দেখিয়ে নয়ছয় করা হচ্ছে কোটি কোটি টাকা।

একাধিক সূত্রে জানা যায়, মসিকের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা গত বছরের পাঁচ আগস্টের পর সাত-আট মাস চুপ থাকলেও এ বছরের মে মাস থেকে তারা আগের চরিত্রে ফিরে গেছেন। পিছিয়ে নেই আলোচিত স্বাস্থ্য বিভাগ। এ বিভাগে গুরু-শিষ্যের অনিয়ম-দুর্নীতি অতিতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বিষয়টি প্রকাশ্যে এলেও রহস্যজনক কারণে পার পেয়ে যাচ্ছেন মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথ (এইচকে দেবনাথ) ও স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম (সাজু)। এদের জ্বালায় অতিষ্ঠ স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা। গুরু-শিষ্য মসিক থেকে ছয় বছরে ১৫ কোটি টাকা লুটপাট করেছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথ মসিকের স্বাস্থ্য বিভাগে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি নানা বিষয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। শিষ্য স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম তাকে সহযোগিতা করেন। জাতীয় পরিচয়পত্র (৯১২০৭৬৩৯০০) ও চাকরির ব্যক্তিগত নথিতে হরে কৃঞ্চ দেবনাথ নাম থাকলেও নিজের নামের একাংশ পাল্টে এইচকে দেবনাথ রেখেছেন। অফিসের সিল, প্যাড, নেমপ্লেট, বিল-ভাউচার, চিঠি আদান-প্রদান ও মসিকের হিসাব বিভাগ থেকে বানানো নামে চেক গ্রহণ করেন। ২০১৬ সালে ময়মনসিংহ পৌরসভায় (সিটি করপোরেশন) যোগদানের পর থেকেই তিনি নাম জালিয়াতি করে যাচ্ছেন। বিষয়টি জালিয়াতি বলে উল্লেখ করেছেন ট্রেজারী কর্মকর্তারা।

সূত্র জানায়, পাসপোর্টের ক্ষেত্রেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথ। ভুল তথ্য দিয়ে অবৈধ পন্থায় ২০২৩ সালের মার্চ মাসে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নেন। তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর স্বাক্ষর করা ০৫-০৩-২০২৩ তারিখের মসিক/প্রশা/সাধা/২৩/৩৮৩ স্মারকে পাসপোর্ট অফিসে এনওসি পাঠানো হয়। এতে তিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পরিচয় দেন। ওই সময় তিনি ‘প্রশ্নবিদ্ধ’ চলতি দায়িত্বে থাকলেও এনওসিতে তা উল্লেখ করেননি। তা ছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ঢাকার বাসার ঠিকানা না দিয়ে পাসপোর্টের আবেদনে ময়মনসিংহ সিটি করপোরেশনের ঠিকানা ব্যবহার করেন। পুরো প্রক্রিয়ায় তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

জানা যায়, গুরু-শিষ্যের কাছে মসিকের স্বাস্থ্য বিভাগ জিম্মি হয়ে পড়েছে। সম্মানি ও ‘হিস্যা’ নিয়ে কর্মচারী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যকর্মীদের সঙ্গে বিরোধ ও তর্কবিতর্ক হয়। বিভিন্ন টিকা ও ক্যাপসুল খাওয়ানো কর্মসূচিকে পুঁজি করে সরকারি ও মসিকের তহবিল থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকদের সম্মানি মেরে দিয়েও গুরু-শিষ্য আলোচনায়। সূত্র মতে, মসিকের স্বাস্থ্য খাতে লুটপাট হওয়া ১৫ কোটি টাকার মধ্যে করোনার আড়াই বছরে আট কোটি, গত ছয় বছরের বিভিন্ন সময়ে চার কোটি, নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে তিন কোটি টাকা লুটপাট করা হয়। লুটপাটের টাকায় ডা. হরে কৃঞ্চ দেবনাথ কিশোরগঞ্জে জমি ও ঢাকার মোহাম্মদপুরে ফ্ল্যাট কেনা ছাড়াও নামে-বেনামে বিপুল সম্পদ গড়েছেন। স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম (সাজু) ময়মনসিংহ নগরীতে জমি ও ফ্ল্যাট কেনাসহ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে বিপুল জমি কিনেছেন।

সূত্র জানায়, ২০২০ সালে করোনা শুরু হওয়ার পরই টাকা লুটপাট করতে মাঠে নামেন আলোচিত গুরু-শিষ্য। তারা মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ভুল বুঝিয়ে কোটি কোটি টাকার সুরক্ষা সামগ্রী কিনতে থাকেন।

করোনার সময় পর্যায়ক্রমে পাঁচ কোটি টাকার পিপিই, মাক্স, স্যানিটাইজারসহ অন্যান্য পণ্য ক্রয় দেখানো হয়। সাইফুল ইসলাম (সাজু) পাঁচ কোটি টাকার মালামাল কিনে একাই তিন কোটি আত্মসাৎ করেন। এ ছাড়া গত ছয় বছরে বিভিন্ন ফাইল ও জন্মনিবন্ধন থেকে ‘ধুরন্ধর’ সাজু আরো দুই কোটি টাকা হাতিয়ে নেন। একই সময় মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথ করোনার টিকা প্রদান কার্যক্রম, বিভিন্ন টিকা ও ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি থেকে চার কোটি এবং নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র খাত থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

আলোচিত গুরু-শিষ্য, নামসর্বস্ব প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধির নামে গত ছয় বছরে হিসাব বিভাগ থেকে প্রায় ১৫ কোটি টাকার চেক ইস্যু হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। তার মধ্যে সাইফুল ইসলামের একার নামেই ইস্যু হয়েছে চার কোটি টাকার চেক। বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুসহ তাদের লোকজনের নামে বাকি টাকার চেক ইস্যু হয়। ময়মনসিংহ সিটি করপোরেশনে কয়েকজন উচ্চমান সহকারী ও নিম্নমান সহকারী থাকলেও কাউকেই স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয় না। টাকা হাতানোর গোমর ফাঁস হওয়ার ভয়ে শিষ্য সাইফুল ইসলাম একাই সব কিছু সামলান। বছর খানেক আগে এ নিয়ে গুঞ্জন শুরু হলে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. ওয়ালিউল ইসলামকে স্বাস্থ্য বিভাগে বদলি করা হয়। ‘ধুরন্ধর’ গুরু-শিষ্যের চক্রান্তে টিকতে না পেরে তিনি অন্য শাখায় ফিরে যান।

জানা যায়, মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথের টাকা হাতানোর উৎস একটি মাতৃসদন ও তিনটি নগর স্বাস্থ্যকেন্দ্র। বাঘমারায় নগর মাতৃসদন, খাগডহর, গোলকীবাড়ি ও শম্ভুগঞ্জে নগর স্বাস্থ্যকেন্দ্র। চারটি কেন্দ্রে সাতজন ডাক্তার, ১২ জন প্যারামেডিক ও ৮১ জন স্টাফ থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। চারজন ডাক্তার, চারজন প্যারামেডিক ও ৫০ জন স্টাফ দিয়ে চলছে চারটি কেন্দ্র। এ খাতে বিল-ভাউচার করে প্রতি মাসে ২৫ লাখ টাকা উত্তোলন করা হয়। মাসে গড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। সূত্র মতে, এডিবির অর্থায়নে ‘আরবান হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২’ ২০২২ সালের জুন মাসে দুই বছর মেয়াদি প্রকল্প শুরু করে। ২০২৪ সালের জুন মাস থেকে মন্ত্রণালয় ও মসিকের অর্থায়নে প্রকল্পটি চালু রাখা হয়েছে। এর মেয়াদ চলতি ডিসেম্বর মাস পর্যন্ত। মন্ত্রণালয়, মসিক ও পিএসটিসি এনজিও টাকার জোগান দেওয়ার কথা।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও মেডিকেল অফিসার ডা. হরে কৃঞ্চ দেবনাথের সাড়া মেলেনি।

কেরানীগঞ্জ মডেল থানা আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
   
কেরানীগঞ্জ মডেল থানা আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

ঢাকার কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকাটি উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তিনি দ্রুত স্থান ত্যাগ করেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
   
মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ১১ মার্চ

দ্বিতীয় ওয়ানডে: ১৩ মার্চ

তৃতীয় ওয়ানডে: ১৫ মার্চ

বিসিবি আরও জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলে এপ্রিল মাসে পাকিস্তান সফরেও যাবে বাংলাদেশ দল।

পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। তার আগের পাকিস্তান সফরে টাইগাররা ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের মাঠে এবার শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নারায়ণগঞ্জে রোজার ১ম দিন থেকেই তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
   
নারায়ণগঞ্জে রোজার ১ম দিন থেকেই তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জে রমজানের প্রথম দিন থেকেই তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীর। গ্যাস সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে শিল্পকল কারখানার উৎপাদন।

ব্যবসায়ীরা বলেছেন, কয়েক মাস ধরেই গ্যাসের সরবরাহ চাপ পাচ্ছেন না শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা। যে কারণে তাদের কারখানার উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে গ্যাসের চাপ একেবারে না থাকায় কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে মালিকেরা। এদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিয়ে রোজার প্রথম সেহরি খেতে হয়েছে অনেক পরিবারকে। এতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে তিতাস গ্যাসের গ্রাহকদের মধ্যে। নগরবাসীর দাবি বছরের পর বছর গ্যাসের চাপ না থাকলে নিয়মিত গ্যাসের বিল সরবরাহ করে আসছি।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছেন, মোক্তারপুর-পঞ্চবটি উড়াল সেতুর পিয়ারের নিচে তিতাস গ্যাসের লাইন থাকার কারণে পিয়ার নির্মাণ করতে পারছিল উড়াল সেতু কর্তৃপক্ষ। সে কারণে পিয়ারের নিচ থেকে গ্যাস লাইন সিফট করা হয়েছে। এ কারণে বুধবার দুপুর ২টা থেকে গ্যাসের সরবরাহ শাটডাউন করা হয়। রাত ১০টার মধ্যে লাইন ট্রান্সফার কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে রাত ২টায়। এ কারণে অনেক জায়গায় গ্যাসের প্রেসার কিছুটা কম ছিল। রাত ২টায় গ্যাস সরবরাহ চালু করার পর বর্তমানে সব এলাকায় গ্যাসের প্রেসার স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড, আমলাপাড়া, দেওভোগ, মাসদাইর, ইসদাইর, বাবুরাইল, পাইকপাড়া, নগর খানপুর, চাষাঢ়া, উত্তরচাষাঢ়া, তল্লা, এনায়েতনগর, পাঠানটুলি, ফতুল্লা, পঞ্চবটি, শাসসগাঁও বিসিক, বাড়ইভোগ, গাইবান্ধা বাজার, নাগবাড়ি, কাশিপুর, বাংলা বাজারসহ প্রায় ২৫টি স্থানে গ্যাস সংকট দেখা গেছে।

শহরের নগরখানপুর এলাকার বাসিন্দা গোলাম রাব্বি জানান, দুপুরের পর থেকে গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম গ্যাস আসবে বলে। রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর গ্যাস না পেয়ে সেহরির জন্য হোটেল থেকে খাবার কিনে এনে খেতে হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, গ্যাসের যদি কোনো সংস্কার করার জন্য সরবরাহ বন্ধ করার হয় সেটি তিতাস কর্তৃপক্ষ কেন আগে করল না।

ফতুল্লার বাংলাবাজার এলাকার আফসানা জানান, রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর হোটেলে খাবার কিনতে গিয়ে দেখি খাবার শেষ। এত রাতে কী করব ভেবে পাচ্ছিলাম না। এর পর এক আত্মীয়ের বাসায় গিয়ে ইন্ড্রাকশন চুলায় রান্না করে নিয়ে এসে রোজার প্রথম সেহরি খেতে হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস মহাব্যবস্থাপক প্রকৌশলী রাজিব কুমার গণমাধ্যমে জানিয়েছেন, পঞ্চবটি উড়াল সেতুর নিচে তিতাস গ্যাসের সরবরাহ পাইপ লাইনের কারণে উড়াল সেতুর পিয়ার নির্মাণ করতে পারছিল না। উড়াল সড়ক কর্তৃপক্ষের আবেদন প্রেক্ষিতে গ্যাস লাইন সিফট করার জন্য বুধবার দুপুর থেকে গ্যাসের সরবরাহ শাট ডাউন করা হয়। রাত ২টার পর আবার সরবরাহ চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, পত্রিকায় বিজ্ঞাপন ও টেলিভিশনের স্কুল দিয়ে গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

You cannot copy content of this page