যশোর–৩ আসনে ৭,৮৯৪ ভোটে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের জয়লাভ
যশোরের রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যশোর–৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৯০টি ভোটকেন্দ্রের সব ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
টানটান প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদেরকে পরাজিত করেন। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে অমিত পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১২৯ ভোট। ফলে ৭ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন অমিত।এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং নারী ভোটার ৩ লাখ ৫ হাজার ৯০১ জন। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সকাল থেকেই ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল এবং সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল।বেসরকারি ফল ঘোষণার পর যশোর শহরে বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল ও আনন্দ উল্লাস করেন। নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এই জয়কে যশোরবাসীর গণরায়ের প্রতিফলন উল্লেখ করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন