রিপিট ক্যাডার বন্ধে ৪৬তম বিসিএসে উদ্যোগ নিল পিএসসি
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা আগের বিসিএসগুলোতে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এসব প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করতে বলেছে কমিশন।
সোমবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা আগের বিসিএসগুলোতে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের তথ্য সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের https://forms.gl/WKBknKr7AQb1X3v7A ঠিকানায় থাকা গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে।জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
ক্যাডারভিত্তিক পদসংখ্যার হিসাবে এবার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নিয়োগ পাবেন। এরপর সবচেয়ে বেশি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে শিক্ষা ক্যাডারে মোট ৯২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৯ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন