খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

৪৬ বছরের অপেক্ষার অবসান: মাদারীপুর-২-এ ধানের শীষে জাহান্দার আলী জাহানের জয়

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
৪৬ বছরের অপেক্ষার অবসান: মাদারীপুর-২-এ ধানের শীষে জাহান্দার আলী জাহানের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণার পর জেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন মাদারীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহান।

দীর্ঘ পথচলার পর জয়

দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনে সক্রিয় থেকে নানা সময় নির্যাতন ও মামলার মুখোমুখি হয়েছেন জাহান্দার আলী জাহান। টানা প্রায় ১৭ বছর রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও দল পরিবর্তন না করে নিজের অবস্থানে অটল ছিলেন। অবশেষে এবারের নির্বাচনে তিনি বিজয়ের মুখ দেখলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী জাহান ৬১,৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬,৪৭৬ ভোট।

ফলাফল ঘোষণার পর থেকেই সমর্থক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে শহরের চৌরাস্তা এলাকার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়। ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিজয়ের প্রতিক্রিয়ায় জাহান্দার আলী জাহান বলেন, “আমি আপনাদের হয়েছি। আপনাদের কল্যাণে কাজ করে যাবো। এই বিজয় আপনাদের—আপনাদের কথা সবসময় স্মরণ রাখবো।”


মাদারীপুরের তিন আসনের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

মাদারীপুর-১

বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীকে ৬৪,৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। জয়-পরাজয়ের ব্যবধান ৩৮৫ ভোট।

মাদারীপুর-২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১,৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬,৪৭৬ ভোট।

মাদারীপুর-৩

বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭,২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৭,৩৩১ ভোট।


প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর রাতেই এই গেজেট জারির মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নির্বাচিত হওয়ার আইনি স্বীকৃতি দেওয়া হলো।

ইসি সচিব জানান যে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য যাচাই-বাছাই শেষে এই গেজেট প্রকাশ করা হয়েছে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ১৬ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনশটি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতায় কয়েকটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছে। ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত নেই বলেও জানানো হয়েছে।

আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
   
আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল
  1. রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের হারাগাছ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শনিবার লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে। তারা নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ‘ভোটচোর’ বলে স্লোগান দেয় এবং জামায়াত-এনসিপির বিরুদ্ধে হুঁশিয়ারি জানায়।
     
    এমদাদুল হক ভরসা, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আখতার হোসেন মব সৃষ্টি করে কেন্দ্রগুলোতে অনিয়ম করেছেন এবং ফলাফল পরিবর্তন করেছেন।
     
    অন্যদিকে নবনির্বাচিত এমপি আখতার হোসেন দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরা জোটের সমর্থক ও নেতাদের ওপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করছে।
     
    নির্বাচনে আখতার হোসেন ১ লাখ ৪৭,৯৪৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯,৬১৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮,৮৩১।

You cannot copy content of this page