খুঁজুন
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

সিরাজগঞ্জে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কেন্দ্র খরচের ২লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কেন্দ্র খরচের ২লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনি কেন্দ্রের খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল মান্নান মধুর নেতৃত্বে বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের নেতাকর্মীরা ভোট কেনার জন্য টাকা নিয়ে বের হয়েছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর উপজেলার চৌবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ আতাউর রহমান বলেন, নির্বাচনি কেন্দ্রের খরচের টাকা নিয়ে যাওয়ার সময় বিএনপির নেতা হাবিব ও মধুর নেতৃত্বে তাদের কর্মীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের লাঞ্ছিত করা হয়।

তিনি জানান, এ ঘটনার ভিডিও তাদের কাছে রয়েছে এবং বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র ও ভিডিও থেকে জানা যায়, ভোট কেনার জন্য টাকা আনা হয়েছে- এমন অভিযোগ তুলে একটি সিএনজি থেকে কয়েকজনকে নামিয়ে তাদের কাছ থেকে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় আশপাশের লোকজন সেখানে জড়ো হন। ভিডিওতে বিএনপির কর্মীদের ভোট কেনার উদ্দেশ্যে টাকা বহনের দাবি করতে শোনা যায়।

এ বিষয়ে রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল মান্নান মধুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামায়াতের নেতারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে টাকা দিয়ে ভোট কেনার উদ্দেশ্যে মাঠে এসেছিলেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে তাদের হাতেনাতে আটক করেন এবং ৭১ হাজার টাকা পান। পরে প্রশাসনের লোকজন এসে ওই টাকা তাদের কাছে ফেরত দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সিএনজিযোগে যাওয়ার সময় জামায়াতের সমর্থক চারজনকে বিএনপির নেতাকর্মীরা আটক করেন। তাদের দাবি, ভোট কেনার জন্য সংগ্রহ করা ৭১ হাজার টাকা উদ্ধার করে তা জামায়াতের নেতাদের দিয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, যা পোলিং এজেন্টদের খরচ ও স্বেচ্ছাসেবকদের জন্য টি-শার্ট ও ব্যাজ কেনার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তাদের কাছে কয়েকটি পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে। টাকার অঙ্কে গরমিল এবং উভয় পক্ষের বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় রাতে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা কাজল মৃধা আটক

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ণ
   
পটুয়াখালীতে  ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা কাজল মৃধা আটক

পটুয়াখালীতে কলাপাড়া উপজেলায় অর্ধকোটি টাকাসহ পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থীর কর্মীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো কাজল মৃধা কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে।

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, উদ্ধার করা অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ সময় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী বিএনপি প্রার্থী এবিএম মোশারফ হোসেনের (০১৭১১৩…) মুঠোফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজনের সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

ঢাকা-৬ আসনের তিন কর্মীকে অন্যায়ভাবে দণ্ড দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ণ
   
ঢাকা-৬ আসনের তিন কর্মীকে অন্যায়ভাবে দণ্ড দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ড. আব্দুল মান্নানের তিন কর্মীকে অন্যায়ভাবে দণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থী নিজেই এ অভিযোগ করেন। রাজধানীর ধূপখোলা খেলার মাঠ সংলগ্ন শহীদ জুনায়েদ চত্বরে সংবাদ সম্মেলনে ড. মান্নান জানান, নির্বাচন কমিশনের বিধান মোতাবেক জাল ভোট চ্যালেঞ্জিংয়ের জন্য প্রতিটি খামে ১০০ টাকার নোট ৫টা করে পুরো আসনের প্রতিটি কেন্দ্রে দেওয়া হয়। একইভাবে ৪৪নং ওয়ার্ডে দেওয়া হয়েছে। খামগুলো রেডি করার সময় বিএনপির নেতাকর্মীরা মব সৃষ্টি করে আমাদের ৩ জন নেতাকে মারধর করে।

তিনি বলেন, এ ঘটনায় আমরা পাল্টা মব সৃষ্টি না করে প্রশাসনের শরণাপন্ন হলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ম্যাজিস্ট্রেট কোনো শুনানি না করে আমাদের জন কর্মীকে কারাদণ্ড প্রদান করেন! যেটি পক্ষপাতিত্বের শামিল।

তিনি বলেন, জাল ভোট চ্যালেঞ্জিংয়ের টাকা থাকা অবৈধ নয় কিন্তু তিনি অন্যায়ভাবে আমাদের কর্মীকে দণ্ড দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করেছেন। আমাদের কর্মীরা কারো কাছে ভোট চাইছে কিংবা টাকা বিতরণ করেছে এমন ঘটনা সেখানে ঘটেনি এবং কেউ সেটা প্রমাণও দেখাতে পারেনি।

ড. মান্নান আরো বলেন, এছাড়াও জুবিলী স্কুলে আমাদের কর্মীরা পোলিং এজেন্ট কার্ডে স্বাক্ষর করতে যাওয়ার পর বিএনপির লোকেরা সেখানেও মব সৃষ্টি করে। এবং সেখানে তারা আমাদের পোলিং এজেন্টদের মারধর করার পাশাপাশি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে মারধর করে। পরবর্তীতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বিএনপি নেতা মুজিবুর রহমান, জাবেদ কামাল রুবেল, কাদের, রানাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ বা সেনাবাহিনী এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করেনি তারা শুধু পরিস্থিতি স্বাভাবিক করেন। অথচ এ ঘটনায় বিএনপি নেতাকর্মী আমােদের ৫ জন পোলিং এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারকে মারধর করে আহত করেছে। এই দুই ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

এ সময় তিনি আরো বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তারা নির্বাচনে পরাজয়ের ভয়ে জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মান্নান বলেন, যারা মব সৃষ্টি করেছে আমরাও যদি তাদের মতোই করতাম তাহলে পরিস্থিতি ভয়াবহ হতো। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের শরণাপন্ন হয়েছি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার পরিবর্তে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। যেটি দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্র পাহারায় বিএনপি–জামায়াত, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পূর্বাহ্ণ
   
চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্র পাহারায় বিএনপি–জামায়াত, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে পাহারা বসিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বুধবার রাত নয়টা থেকে তারা কেন্দ্রের আশেপাশে অবস্থান নিতে শুরু করে। একই সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। সড়কেও টহল ও মোড়ে মোড়ে তল্লাশি করা হচ্ছে। অনুমোদনবিহীন গাড়ি আটক করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায় নগরের পাহাড়তলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়, আকবরশাহ বিশ্বকলোনী এলাকা, হিলভিউ আবাসিক এলাকা, উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী, লালখান বাজার এলাকায় দেখা যায়, ভোটকেন্দ্রের আশেপাশে নেতাকর্মীদের অবস্থান করছেন। এছাড়াও পার্শ্ববর্তী গলিগুলোতে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি রয়েছে।

কেন্দ্র থেকে ১০০-১৫০ গজের মধ্যে বিএনপি ও জামায়াতের ভোট বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতা কর্মীরা। কেউ ভোট স্লিপ আলাদা করছেন, কেউ ভোটার স্লিপ বিলি করছেন। রাত এগারোটার পরও অনেক ভোটারকে বুথে এসে ভোটার স্লিপ সংগ্রহ করতে দেখা গেছে।

চট্টগ্রাম ১০ আসনে আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম ৮ আসনের চান্দগাঁও আবাসিক এলাকার একটি ভোট কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকরা একে অন্যের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে স্লোগান দিতে দেখা গেছে। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমন কোনো ঘটনা এসব এলাকায় ঘটেনি। কেন্দ্রের বাইরে জড়ো হওয়া নেতা কর্মীরা পরস্পরের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিয়েছে মাত্র।

হিলভিউ আবাসিক এলাকার ভোট কেন্দ্রের ২০০ গজ দূরে রাস্তার দুই পাড়ে বুথ বানিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রাত ৯টার পর থেকেই দুটি বুথে ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে জড়ো হতে দেখা যায়।

বিএনপির বুথে একজন আব্দুল আলিম জানান, ২০১৮ সালে ভোটের আগের রাতেই প্রশাসনের লোকেরা ব্যালটে সিল মেরেছিল। সেই অভিজ্ঞতা থেকে এখন থেকেই পাহারা বসিয়েছেন তারা।

জামায়াতের বুথের দায়িত্বে থাকা ইসমাইল হোসেন জানান, ভোটের সময় যত ঘনিয়ে আসছে প্রশাসনের আচরণ ততই একপাক্ষিক হয়ে যাচ্ছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মারমুখী হয়ে উঠতে শুরু করেছে। দলের পক্ষ থেকে ভোর রাতে কেন্দ্রের সামনে আসার নির্দেশনা থাকলেও তারা আগের রাতেই চলে এসেছেন। জনগণের ভোট কাউকে চুরি করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

You cannot copy content of this page