খুঁজুন
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন, ১৪৩২

নতুন ৩০ লাখ মানুষ কে দরিদ্র বানিয়ে বিদায় নিলেন দারিদ্র্যের জাদুকর

দূর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
নতুন ৩০ লাখ মানুষ কে দরিদ্র বানিয়ে বিদায় নিলেন দারিদ্র্যের জাদুকর

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি বিখ্যাত দর্শন হচ্ছে ‘দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো’। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দারিদ্র্য বিমোচনের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বাস্তবতা হচ্ছে—সে সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। তার আমলে দেশে নতুন করে ৩০ লাখ লোক দরিদ্র হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। ঠিকভাবে দায়িত্ব সামাল দিতে নিজের পছন্দমতো উপদেষ্টা পরিষদ ও বিশেষ সহকারী নিয়োগ দেন। উপরন্তু বিএনপি-জামায়াত-এনসিপিসহ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও ছাত্র শক্তিগুলোর ব্যাপক সমর্থন ছিল তার প্রতি। যে কারণে ঘুনে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি প্রতিরোধ, ব্যবসাবাণিজ্যসহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ ছিল ড. ইউনূসের।

তিনি সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন।বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আবদুল বায়েস বলেন, ‘তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে। অথচ তার সময়ে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী।

ব্যবসাবাণিজ্যে ছিল আস্থার সংকট। শিল্প-কারখানাগুলোর উৎপাদন ছিল নিম্নমুখী। না ছিল কোনো নতুন উদ্যোগ, না এসেছে দেশি-বিদেশি বিনিয়োগ। উল্টো দেশে বেকারত্ব ও গরিব মানুষের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংকের হিসাবে প্রায় ৩০ লাখ নতুন দরিদ্র্য হয়েছে ড. ইউনূসের আমলে।ব্যক্তি খাতের গড় বিনিয়োগ চার দশকের মধ্যে সর্বনিম্ন : ২০২৪ সালের জুন পর্যন্ত বেসরকারি খাতের গড় বিনিয়োগ হার ছিল জিডিপির ২৪ শতাংশ। ২০২৫ সালের জুনে তা কমে ২২ দশমিক ৪৮ শতাংশে নেমে আসে। বেসরকারি খাতের বিনিয়োগ এক বছরে প্রায় ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট পতনের ঘটনাটি ছিল গত চার দশকের মধ্যে নজিরবিহীন।

১০ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি : শুধু যে বেসরকারি বিনিয়োগ কমেছে তা নয়, সরকারি বিনিয়োগ গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন ছিল গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি বিনিয়োগ হিসেবে প্রচলিত এডিপি বাস্তবায়নের হার জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ছিল সাড়ে ১১ শতাংশ। গত ১০ বছরে এর চেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়নি।

খেলাপি ঋণের হার বিশ্বে সর্বোচ্চ : ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে (৩০ সেপ্টেম্বর) দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় ঠেকেছে, যা বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। আগের বছরের ডিসেম্বর শেষেও বিতরণকৃত ঋণের ২০ দশমিক ২ শতাংশ খেলাপি ছিল। এর মধ্যেই ব্যাংক খাতে যে পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে তা নজিরবিহীন। গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন বিশ্বে সর্বোচ্চ।

২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা : নির্বাচিত সরকারের ঘাড়ে ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে বিদায় নিলেন ড. ইউনূস। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ ছিল ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা নিয়েছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ ছাড়া আলোচ্য সময়ে আরও প্রায় ১৩ হাজার কোটি টাকার বিদেশি ঋণ নেওয়া হয়েছে।

মজুরি হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি : ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫ শতাংশ। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১ শতাংশের নিচে। দেখা যাচ্ছে, ভোক্তার মজুরি বাড়ার হারের চেয়ে মূল্যস্ফীতির হার এখনো বেশি। এ কারণে মানুষের আয়ের চেয়ে খরচ হচ্ছে বেশি। কমেছে ক্রয়ক্ষমতা। অথচ মূল্যস্ফীতি কমাতে সরকার নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়ে রেখেছে। এর ফলে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে গেছে। বেসরকারি খাতের ঋণ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বেড়েছে ব্যবসাবাণিজ্যে পরিচালন ব্যয়।

অর্থনীতির সব সূচকে যখন বিপর্যয় নেমে এসেছে তখন বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার মজুত। ড. মুহাম্মদ ইউনূস তার বিদায়ি ভাষণে এ রিজার্ভ বৃদ্ধির বিষয়টি গৌরবের সঙ্গে উল্লেখ করেছেন। অর্থনৈতিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘এখন যাওয়ার সময় স্বস্তি পাচ্ছি যে, আমরা অবস্থার মোকাবিলা করতে পেরেছি।

আমাদের রিজার্ভের পরিমাণ এখন ৩৪ বিলিয়ন ডলার। প্রবাসীদের রেমিট্যান্সের টাকায় রিজার্ভ বাড়ছে। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে।’

ড. ইউনূসের এ রিজার্ভ রাজনীতির সমালোচনা করে যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষক ও গবেষক ড. লুবনা তুরীন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, রিজার্ভ কোনো রাষ্ট্রের লক্ষ্য না, এটা একটা উপকরণ। লক্ষ্য হওয়া উচিত উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং সর্বোপরি নীতিগত স্বাধীনতা। রিজার্ভ বাড়ছে কি না এ প্রশ্নের চেয়েও কনসার্নিং হচ্ছে, এ রিজার্ভ কোন দামে তৈরি হচ্ছে, কার ক্ষতির বিনিময়ে এবং ভবিষ্যৎ রাষ্ট্রকে কোন কাঠামোয় আটকে রেখে। এ গবেষকের মতে, বিদ্যুৎ উৎপাদন কমিয়ে, আমদানি সংকুচিত করে, শিল্প খাতকে চাপে ফেলে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে রাষ্ট্রকে ‘শক্ত’ দেখানের জন্যই রিজার্ভ বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন ড. ইউনূস।

প্রতিশ্রুতি, দায় ও সুবিধা গ্রহণ : দায়িত্ব গ্রহণ করে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ড. ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সফল পরিণতি দিতে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও নির্বাচনি ব্যবস্থা, আইনশৃঙ্খলা খাত এবং তথ্যপ্রবাহে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবেন, যার লক্ষ্য হবে দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। সংশ্লিষ্টদের মতে, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান ছাড়া তিনি তাঁর দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তাঁর  আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ তাঁর সরকারের উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সাসপেন্ড করাও হয়েছে। দুদক অভিযোগ তদন্ত করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যে সম্পদের হিসাব দিয়েছেন তা নিয়েও রয়েছে জনমনে সন্দেহ ও বিস্তর প্রশ্ন। এমনকি তিনি প্রধান উপদেষ্টা পদে আসীন থেকে তার স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর ছাড়াসহ বিভিন্ন সুবিধা দেওয়ারও অভিযোগ রয়েছে। ড. ইউনূসের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থ পাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর মওকুফ ও সরকারিভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এ ছাড়া গ্রামীণ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত সরকারি অনুমোদন ও বিশেষ সুবিধা পায়। এর মধ্যে রয়েছে ঢাকা শহরে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি।

সচেতন মহলের অভিমত, ড. ইউনূস বিদায়ি ভাষণে কতগুলো অধ্যাদেশ জারি করেছেন আর কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রচার করলেও এসব সুবিধা নেওয়ার বিষয়ে কোনো জবাব দেননি।

১৮ মাস অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্বে থাকলেও তিনি দেশের গণমাধ্যমের সঙ্গে সরাসরি কোনো সংবাদ সম্মেলন করেননি। কেবলমাত্র তাঁর পছন্দের কিছু সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। ১১টি সংস্কার কমিশন করে হাজার হাজার পৃষ্ঠার সুপারিশ নিয়ে রাষ্ট্রের টাকায় ঢাউস সাইজের গ্রন্থ প্রণয়ন করলেও সেসব সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেননি। তাঁর আমলে দেশের দুটি প্রধানসারির গণমাধ্যমে ভিতরে সাংবাদিক রেখে মব সৃষ্টি করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি সরাসরি কোনো নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন। ভিন্ন মত পোষণের কারণে তাঁর আমলেও একাধিক সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। ধর্মীয় ঘৃণা ছড়ানোর পাশাপাশি মাজার-মন্দির ভাঙার ঘটনা ঘটেছে। ঘটেছে বিচারবহির্ভূত হত্যকাণ্ড। ধর্মের দোহাই দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাঁর সময়ে মব সৃষ্টির মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের প্রমাণ ও নথিপত্রসহ অনেক ভাস্কর্য বিনষ্ট হলেও তিনি নীরব থেকেছেন। তিনি বিশ্বব্যাপী যে ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিংসরণ) নিয়ে প্রচারণা চালিয়েছেন, নিজে সরকার প্রধানের দায়িত্বে থেকেও তা অর্জন করতে পারেননি। বরং তার সময়ে দারিদ্র্য ও বেকারত্ব দুটোই বেড়েছে। এসব কিছুর পর ড. ইউনূস যখন আবারও তার পুরোনো কর্মে ফিরে যাবেন তখনো কি তিনি এই ‘তিন শূন্য’ অর্জনে বিশ্বকে মনোযোগ দেওয়ার কথা দৃঢ়তার সঙ্গে বলতে পারবেন? সচেতন মহলের এখন সেটিই জিজ্ঞাসা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজার আদালতপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙালেন তিন আইনজীবী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
   
কক্সবাজার আদালতপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙালেন তিন আইনজীবী

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, তার প্রভাব পড়েছে কক্সবাজারের আদালতপাড়ায়ও। জেলা জজ আদালতসংলগ্ন আইনজীবী সমিতি ভবনের একটি ব্যক্তিগত চেম্বারে আবারও টাঙানো হয়েছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। তিন আইনজীবীর এ উদ্যোগকে কেউ দেখছেন তাদের ব্যক্তিগত বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে, আবার কেউ মনে করছেন এটি সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতারই।

বৃহস্পতিবার সকালে চেম্বারটিতে প্রতিকৃতি টাঙানোর সময় সেখানে আওয়ামী ঘরানার কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। এ সময় স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে স্থানীয় আইনজীবীপাড়ায় আলোচনা তৈরি হয়েছে।

চেম্বারটিতে বসেন অ্যাডভোকেট মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল ও নূরুল ইসলাম নাহিদ।

তাদের ভাষ্য, এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়; বরং কয়েক বছর আগেই চেম্বার শুরু করার সময় তারা প্রতিকৃতি টাঙিয়েছিলেন।

অ্যাডভোকেট জুলকারনাইন জিল্লু বলেন, চেম্বার প্রতিষ্ঠার সময়ই তারা বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছিলেন এবং সে অনুযায়ী ফ্রেমও তৈরি ছিল। কিন্তু গত বছরের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে জেলা জজ আদালত এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তখন নিজেদের নিরাপত্তা বিবেচনায় ছবিটি সরিয়ে রাখা হয়।তার দাবি, ওই সময় জুলাইযোদ্ধা সমন্বয়ক পরিচয়ে কিছু ব্যক্তি আদালত চত্বরে অস্থিরতা সৃষ্টি করেছিলেন।

জুলকারনাইন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তারা মনে করেছেন, এখন আর কোনো বাধা নেই। তাই যথাযোগ্য মর্যাদায় আবারও প্রতিকৃতি টাঙানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তারা কোনো ধরনের হুমকি বা চাপের মুখে পড়েননি বলেও জানান তিনি।

আইনজীবী সমিতির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যক্তিগত চেম্বারে কে কী ছবি রাখবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এমন প্রতীকী উদ্যোগকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন।

জেলা আইনজীবী সমিতির দায়িত্বশীল কোনো নেতা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

তবে সমিতির এক কর্মকর্তা বলেন, ব্যক্তিগত চেম্বারে টাঙানো ছবি নিয়ে সমিতির আলাদা কোনো নীতিমালা নেই।

কক্সবাজার আইনজীবীপাড়ার এই ঘটনাকে কেউ দেখছেন ব্যক্তিগত বিশ্বাসের প্রকাশ হিসেবে, আবার কেউ দেখছেন রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রতিফলন হিসেবে। আদালতপাড়ার ভেতরে বাইরে তাই আলোচনার কেন্দ্রে এখন একটি প্রতিকৃতি-যা শুধু দেয়ালে টাঙানো একটি ছবি নয়, বরং সময়ের স্রোতে রাজনীতির উত্থান-পতনেরও ইঙ্গিত বহন করছে।

সিএমপি’র চকবাজার থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ

রাহাত সুমন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
   
সিএমপি’র চকবাজার থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ

সিএমপি’র চকবাজার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা মামলার ভয় দেখানোর অভিযোগে সদর দপ্তরের তদন্ত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)–এর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা এবং নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ তদন্ত করছে পুলিশ সদর দপ্তর

পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। অভিযোগগুলোর বিষয়ে একটি গোপন তদন্ত প্রতিবেদনও তৈরি হয়েছে।

পিআইও’র পাঁচ পৃষ্ঠার গোপন প্রতিবেদন

জানা গেছে, পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও) ইউনিট পাহাড়তলী ও ডবলমুরিং থানায় দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট বিবরণ ও অডিও রেকর্ডসহ পাঁচ পৃষ্ঠার একটি গোপন প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে জমা দেয়। প্রতিবেদনের একটি অনুলিপি গণমাধ্যমের কাছেও পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

থানা সূত্রে জানা যায়, ওসি বাবুল আজাদ বদলির সময় সেলিম সরকারসহ কয়েকজন এএসআই ও এসআইকে সঙ্গে নিয়ে যান, যাদের বিরুদ্ধেও প্রতিবেদনে অভিযোগের উল্লেখ রয়েছে।

সদর দপ্তর থেকে বিষয়টি নগর পুলিশে তদন্তের জন্য পাঠানো হয়। তবে ওসির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সুসম্পর্কের কারণে প্রকাশ্যে কেউ অভিযোগ দিতে সাহস পাননি বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। পুনরায় হয়রানির আশঙ্কায় অনেক ভুক্তভোগী তদন্ত কর্মকর্তার কাছেও সাক্ষ্য দেননি।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, সদর দপ্তর থেকে একটি তদন্ত এসেছিল এবং তা পূর্বসূরি অতিরিক্ত কমিশনার তদন্ত করে ঢাকায় পাঠিয়েছেন। তবে তিনি প্রতিবেদনের বিস্তারিত সম্পর্কে অবগত নন বলে জানান।

‘টাকা না দিলে একাধিক মামলায় চালান’

পিআইও প্রতিবেদনে উল্লেখ করা হয়, চাহিদামতো টাকা দিলে একটি মামলায় চালান দেওয়া হতো; আর টাকা না দিলে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে হয়রানির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ২১ সেপ্টেম্বর উত্তর আগ্রাবাদ এলাকা থেকে সাগির আহমদ নামে এক ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী পরিচয়ে আটক করা হয়। চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, মোট ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

২০২৫ সালের জুলাই মাসে মনসুরাবাদ এলাকায় এক বিকাশ এজেন্টকে অবৈধ লেনদেনের অভিযোগে থানায় নিয়ে গিয়ে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও প্রতিবেদনে রয়েছে।

ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতার অভিযোগ

পাহাড়তলী থানায় দায়িত্ব পালনকালে এক ওয়ার্ড মেম্বারের কাছ থেকে দুই লাখ টাকা এবং তার সহযোগীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫১ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া, পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক এক নেতার অভিযোগ—চাঁদা না দেওয়ায় তাকে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি করার ভয় দেখানো হয়। পরবর্তীতে অর্থ দেওয়ার পরও অতিরিক্ত টাকা দাবি করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

আটক, ভয়ভীতি ও অর্থের বিনিময়ে মুক্তির অভিযোগ

গত ১১ জুলাই নগরীর মোগলটুলী মোড় থেকে সাত যুবককে আটক করা হয়। প্রতিবেদনে উল্লেখ আছে, তাদের মধ্যে পাঁচজনকে দুই লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি দুজনকে মামলায় চালান করা হয়।

এ ছাড়া, গত বছরের ২৩ সেপ্টেম্বর চৌমুহনী কর্ণফুলী মার্কেট এলাকা থেকে এক যুবককে তুলে নিয়ে মামলার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবকের দাবি, পরিবার টাকা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

জুয়ার আসর ও মাদক ব্যবসা থেকে মাসিক আদায়ের অভিযোগ

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডবলমুরিং থানায় দায়িত্ব পালনকালে একটি জুয়ার আসর থেকে মাসিক এক লাখ টাকা নেওয়া হতো। পাশাপাশি বিভিন্ন স্পটে মাদক বিক্রেতাদের কাছ থেকেও নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তালিকাভুক্ত ১৬ জন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক অর্থ নেওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ আছে বলে সূত্র জানিয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসি বাবুল আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট তৎকালীন উপ-পুলিশ কমিশনারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উত্তপ্ত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে নোবিপ্রবি রেজিস্ট্রার তামজিদ চৌধুরীর পদত্যাগ

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
   
উত্তপ্ত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে নোবিপ্রবি রেজিস্ট্রার তামজিদ চৌধুরীর পদত্যাগ

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় রেজিস্ট্রার দপ্তর একটি গুরুত্বপূর্ণ পদ। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ দপ্তর সমন্বয়কের ভূমিকা পালন করে। তাঁর পদত্যাগের খবরে ক্যাম্পাসে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তিনি তাঁর অফিসিয়াল ফোনটি জমা দিয়েছেন। এর বাইরে আমরা কিছু বলতে পারছি না।”

রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী মুঠোফোনে বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাপক চাপের মধ্যে থাকতে হয় এবং ব্যক্তিগত সময়ের অভাব দেখা দেয়। মানসিক ও শারীরিক সুস্থতার বিষয় বিবেচনায় তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, “পদত্যাগপত্র এখনো আমার কাছে আসেনি। পত্রটি এলে তখন বিষয়টি দেখা হবে।”উল্লেখ্য, গতকাল বুধবার নানা অনিয়ম, দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়কে ‘দলীয়করণ’-এর অভিযোগ এনে আগামী সাত দিনের মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি সাদা দল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

You cannot copy content of this page