রাজউকের উপপরিচালক লিটন সরকারের অনিয়ম ও দুনীতির অদৃশ্য সাম্রাজ্য
রাজধানীর নগর পরিকল্পনা ও ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর গুলশান এস্টেট ও ভূমি-৩ শাখাকে ঘিরে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও প্রভাব বিস্তারের একাধিক অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা ও বিধিবিধানের চেয়ে ব্যক্তি-নির্ভর নিয়ন্ত্রণই এখানে বেশি কার্যকর হয়ে উঠেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন গুলশান এস্টেট ও ভূমি-৩ শাখার উপ-পরিচালক মো. লিটন সরকার (আইডি-১৭১৪৯)। তাঁর বিরুদ্ধে জমি বরাদ্দ, ইজারা, নিলাম ও ফাইল হস্তান্তর প্রক্রিয়ায় অস্বচ্ছতা, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক হয়রানির বিস্তর অভিযোগ রয়েছে।
ফাইল অগ্রগতিতে ‘অঘোষিত প্রভাব’?
রাজউকের অভ্যন্তরীণ একাধিক সূত্রের ভাষ্য, গুলশান এলাকার মূল্যবান প্লট ও সম্পত্তি সংক্রান্ত ফাইল প্রক্রিয়াকরণে একটি অদৃশ্য প্রভাব বলয় কাজ করছে। প্রচলিত নিয়ম অনুসরণের পরিবর্তে ‘অনানুষ্ঠানিক সমঝোতা’ ছাড়া ফাইলের অগ্রগতি হয় না—এমন অভিযোগও তুলেছেন কয়েকজন ভুক্তভোগী।
প্লট ও নথি ব্যবস্থাপনায় প্রশ্ন
অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশের মাধ্যমে মূল্যবান প্লট, পরিত্যক্ত ভবন ও রাষ্ট্রীয় জমি নিয়ে বিশেষ সুবিধা প্রদানের ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে নথিপত্রে অসঙ্গতি ও রেকর্ড ব্যবস্থাপনায় রহস্যজনক পরিবর্তনের অভিযোগও পাওয়া গেছে।
এছাড়া নির্দিষ্ট কিছু পক্ষকে সুবিধা দিতে গুরুত্বপূর্ণ ফাইল মাসের পর মাস আটকে রাখা, অযৌক্তিক নোটিশ প্রদান এবং অকারণ হয়রানির ঘটনাও নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
প্রতিবাদে বদলি, ভেতরে ভয়ের সংস্কৃতি
একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, অনিয়মের প্রতিবাদ করলে বদলি বা শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হয়। ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এক ধরনের নীরবতা ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে নিয়মের চেয়ে ব্যক্তি-ইচ্ছাই প্রাধান্য পাচ্ছে।
তদন্তে নীরবতা, প্রশ্ন নাগরিক সমাজের
এত অভিযোগ ও নথিভিত্তিক অসঙ্গতির দাবি ওঠার পরও এখন পর্যন্ত কোনো স্বাধীন তদন্ত কমিটি গঠনের ঘোষণা পাওয়া যায়নি। এতে সচেতন নাগরিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে—কেন অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে না?
বক্তব্য পাওয়া যায়নি
উত্থাপিত অভিযোগের বিষয়ে উপ-পরিচালক মো. লিটন সরকারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।


আপনার মতামত লিখুন