গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
নিজের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যায় ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের সঙ্গে তার ব্যক্তিগত চিন্তা-ভাবনার গভীর মিল রয়েছে। বিশেষ করে তারেক রহমানের বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক চিন্তাধারা তাকে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলা ও দেখা করার পর তার রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ ভাবনা আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি বিশ্বাস করি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। এর মধ্যে জিতু বিএনপিতে এবং বাকিরা ছাত্রদলে যোগ দিয়েছেন।

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:১২ পূর্বাহ্ণ