নির্বাচন নিয়ে আমরা খুবই সন্তুষ্ট ও আনন্দিত: নির্বাচন প্রস্তুতিসংক্রান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা

এ আর জসিম
প্রকাশের সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩৪ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট, আমরা খুবই আনন্দিত।’

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতিসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

পরে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে একে নিখুঁত করা। ভোটটা যাতে নিখুঁত হয়, সেটিই এখন প্রধান চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। ভোট উৎসবমুখর হবে। নারীরা আনন্দের সাথে ভোট দেবেন এবং মানুষ পরিবার নিয়ে ভোট উৎসবে যোগ দেবে। এ ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস সচিব জানান, নির্বাচনে নিরাপত্তার জন্য পুলিশকে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে এ ক্যামেরা থাকছে। আজ বৈঠকে প্রধান উপদেষ্টা রেন্ডমলি পাঁচটি জায়গায় দায়িত্বরত কর্মকর্তাদের সাথে বডি ক্যামেরার মাধ্যমে কথা বলে এর কার্যকারিতা পরীক্ষা করেছেন।

এ ছাড়া ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এখন পুরোপুরি চালু হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, এ অ্যাপটি কেবল নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা ব্যবহার করবেন। কোনো কেন্দ্রে গণ্ডগোল বা সহিংসতা হলে এ অ্যাপের মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে বার্তা চলে যাবে। ফলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

প্রেস সচিব আরও বলেন, এর আগে দুর্গাপূজার সময় ৩২ হাজার মণ্ডপে এ ধরনের অ্যাপ ব্যবহার করে সুফল পাওয়া গিয়েছিল। এটি খুবই পরীক্ষিত ও কার্যকর একটি ব্যবস্থা।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন