হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে আজহারীর পোস্ট

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর সাধারণ সম্পাদকসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় তিনি লিখেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক।

তিনি আরও বলেন, যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন বলে প্রত্যাশা করি। ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ও আগ্রাসী আচরণের নিন্দা জানান তিনি।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন