টাকার বৈধ উৎস প্রমাণিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:১৫ পূর্বাহ্ণ

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে নাটকীয় মোড় নিল ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছিল।

তবে দীর্ঘ যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের পর আজ রাতে তাকে সসম্মানে মুক্তি দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, জব্দকৃত পুরো টাকাও তাকে ফেরত দেওয়া হয়েছে।

প্রশাসন ও পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বুধবার রাতে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে টাকা উদ্ধারের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছিল যে, এই টাকা নির্বাচনের কাজে অবৈধভাবে ব্যবহারের জন্য আনা হয়েছে। এমনকি নির্বাচন কমিশন সচিবও এ নিয়ে মন্তব্য করেছিলেন।

তবে আমিরের স্ত্রী ও দলটির পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হচ্ছিল, এই টাকা সম্পূর্ণ বৈধ এবং তাদের পারিবারিক বুটিকস ব্যবসার ও কর্মীদের বেতন-ভাতার জন্য আনা হয়েছে। অবশেষে প্রশাসনের তদন্তে টাকার বৈধ উৎস প্রমাণিত হওয়ায় এবং নির্বাচনী বিধিলঙ্ঘনের কোনো প্রমাণ না পাওয়ায় তাকে টাকা ফেরতসহ মুক্তি দেওয়া হলো। ভোটের ঠিক আগের রাতে দলীয় প্রধানের এই মুক্তি ঠাকুরগাঁও জামায়াতের নেতাকর্মীদের মাঝে বড় স্বস্তি ফিরিয়ে এনেছে।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন