প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সিংহভাগ সদস্যই উচ্চ শিক্ষিত এবং পেশাগতভাবে সফল। মন্ত্রিসভার ৫০ জন সদস্যের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের মধ্যে ৪৬ জনই উচ্চ শিক্ষিত। এর মধ্যে তিনজন পিএইচডি ডিগ্রিধারী এবং দুইজন বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার মন্ত্রিসভার ৪৯ জন সদস্য শপথ নেওয়ার পর তাদের হলফনামার তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শিক্ষাগত যোগ্যতার হিসেবে ৪৬ জন উচ্চ শিক্ষিত হলেও প্রধানমন্ত্রী নিজে এইচএসসি পাস।এছাড়া মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এইচএসসি পাস একজন, এসএসসি পাস দুইজন এবং একজন স্বশিক্ষিত সদস্য রয়েছেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী, শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া আরিফুল হক চৌধুরী নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন।
পিএইচডি ডিগ্রিধারী তিনজনের মধ্যে আ ন ম এহছানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী এবং এম এ মুহিতকে স্বাস্থ্য ও আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই সরকারের সদস্যদের পেশা বিশ্লেষণে দেখা গেছে, মন্ত্রিসভার বড় একটি অংশই ব্যবসায়ী। ৫০ জন সদস্যের মধ্যে ৩১ জনই তাদের প্রধান পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন, যা মোট সদস্যের ৬২ শতাংশ। ব্যবসায়ীদের পরেই রয়েছেন আইনজীবীরা, যার সংখ্যা সাতজন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মাত্র দুইজন সদস্য নিজেদের পেশা হিসেবে সরাসরি ‘রাজনীতি’ উল্লেখ করেছেন।
বয়সের দিক থেকে এই মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৬১ বছর। সদস্যদের মধ্যে ৩৯ জনের বয়সই ৫০ বছরের বেশি, যা মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ। মন্ত্রিসভার প্রবীণতম সদস্য হলেন ৮১ বছর বয়সী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং কনিষ্ঠতম সদস্য হলেন ৩১ বছর বয়সী নুরুল হক নুর। প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান বয়স ৫৭ বছর। ৪১ থেকে ৫০ বছর বয়সী সদস্য আছেন ৮ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন মাত্র ২ জন।উল্লেখ্য, নবগঠিত এই মন্ত্রিসভার টেকনোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঠিক বয়স জানা না গেলেও তিনি ১৯৬৯ সালে এসএসসি পাস করেছেন বলে তথ্যে উল্লেখ করা হয়েছে। সামগ্রিকভাবে এই মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণদের পাশাপাশি তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:১৭ পূর্বাহ্ণ