রমজানের প্রথম দিন থেকেই চকবাজারের ইফতারির স্বাদ নিতে উপচে পড়া ভিড়

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:০০ অপরাহ্ণ

রমজানের প্রথম দিন থেকেই প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে চকবাজার-এর ঐতিহ্যবাহী ইফতারি বাজার। শতাব্দীপ্রাচীন এই বাজারে প্রতি বছর রমজান এলেই ভিড় জমান রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোজাদাররা। স্বাদ, বৈচিত্র্য আর ঐতিহ্যের অনন্য সমন্বয়ে প্রায় ৪০০ বছরের পুরোনো এই বাজার এখনও ইফতারপ্রেমীদের অন্যতম আকর্ষণ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, জোহরের নামাজের পরপরই সার্কুলার রোডজুড়ে ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর গড়াতেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, আর ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনসমাগম পৌঁছে যায় চূড়ায়।

চকবাজারের ইফতারি বাজারের বিশেষত্ব হলো এর ব্যতিক্রমধর্মী আয়োজন। সাধারণত পাড়া-মহল্লায় ছোলা, আলুর চপ, বেগুনি বা পেঁয়াজু ইফতারের প্রধান উপকরণ হলেও এখানে মেলে প্রায় শতাধিক ভিন্ন স্বাদের আইটেম। খাসির পা থেকে শুরু করে চিকেন আচারি, শাহী রুটি, দই বড়া, চিকেন সাসলিক, চিকেন স্টেক, তান্দুরি চিকেন, চিকেন বল, শর্মা, ডিম চপ, শাহী পরোটা, কোয়েল পাখি, সুতি কাবাব, শাহী জিলাপি—সবই রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। পাশাপাশি ছোলা, মুড়ি, ঘুঘনিসহ ঐতিহ্যবাহী ইফতারিও বিক্রি হচ্ছে সাশ্রয়ী দামে।তবে সব কিছুকে ছাপিয়ে বাজারের অন্যতম প্রধান আকর্ষণ ‘বড় বাপের পোলায় খায়’। প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হওয়া এই বিশেষ খাবারের ডাক ভেসে আসে ছন্দে—‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা লইয়া যায়।’ মাংস, কাবাব, ডিম, ঘি, বুটের ডাল, কিমা ও নানা মসলার মিশেলে তৈরি এই পদটি রমজানজুড়ে রোজাদারদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।

ঐতিহ্য, স্বাদ ও উৎসবমুখর পরিবেশ—সব মিলিয়ে পুরান ঢাকার চকবাজার যেন রমজানের এক আলাদা প্রাণকেন্দ্র।

রমজানের প্রথম দিনেই চকবাজার-এর ইফতারি বাজার জমে উঠেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ব্যবসায়ী মোশাররফ বলেন, প্রথম দিন থেকেই ভালো বেচাকেনা হচ্ছে এবং পুরো রমজানজুড়ে এমনই থাকবে বলে আশা করছেন তারা। তিনি জানান, ক্রেতাদের আস্থা ধরে রাখতে মানসম্মত ইফতারি বিক্রির চেষ্টা করেন তারা।

চকবাজারের অধিকাংশ ব্যবসায়ী বংশপরম্পরায় এই ইফতারি ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি শুধু রমজানকে কেন্দ্র করে মৌসুমি ব্যবসায়ীরাও এখানে দোকান বসান। পুরান ঢাকার বাইরে থেকেও অনেকেই বিশেষ স্বাদের ইফতার কিনতে ছুটে আসেন এখানে।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন