২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অনলাইনে ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিনা বিলম্বে ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার শেষ তারিখও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
বোর্ড নির্ধারিত নীতিমালা অনুযায়ী, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য বোর্ড ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য এই ফির পরিমাণ ২ হাজার ৪৩৫ টাকা।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে, বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি দিতে হবে। বোর্ড আরও জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে।
পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১০ অপরাহ্ণ