রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণহত্যার সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম মনে করেন, রাষ্ট্রপতির নীরব ও নিষ্ক্রিয় ভূমিকার কারণেই ছাত্র-জনতার ওপর গণহত্যা সংঘটিত হয়েছে, ফলে তিনি এ দায় এড়াতে পারেন না।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে আর্থিক অনৈতিকতার অভিযোগ আগে থেকেই রয়েছে। অভিভাবক হিসেবে যে সম্মান ও শ্রদ্ধার ব্যক্তিত্ব প্রয়োজন, তা বর্তমানে তাঁর মধ্যে নেই। তাই দ্রুত তাঁকে অভিশংসনের মাধ্যমে পদ থেকে সরিয়ে গ্রেপ্তার করা বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতির পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে দীর্ঘদিনের। বিগত অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে তাঁকে রাখা হয়েছিল। তবে এখন নতুন সরকার ও সংসদ গঠিত হওয়ায় রাষ্ট্রপতির বিদায় কেবল সময়ের ব্যাপার বলে তিনি জানান।
নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের অংশ হিসেবে সরকারি ও বিরোধী দল মিলে রাষ্ট্রপতির অভিশংসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।