কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধিতে (বিরোধীদল) আছি, অ্যাকশনটা ১০০ ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া পৌরসভায় নাগরিক সমস্যা সমাধানে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
এসময় আমির হামজা বলেন, ‘আমাদের কিছু বন্ধু ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললেও আমরা শক্ত হয়ে দাঁড়ালে তারা আবার আমাদের বিপক্ষে অবস্থান নেয়।’
মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘর ভাঙচুরের ব্যাপারে আমির হামজা বলেন, ‘এই কাজ যারা করেছে তদন্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। যেভাবে সিস্টেম আছে আইনে মাদক নির্মূল করার ওইভাবে করব আমরা।’
এছাড়াও মতবিনিময় সভায় যানজট, পানি সমস্যা, মশা, আবর্জনা মুক্তকরণ, সড়ক ও ড্রেনেজসহ ১৫টি সমস্যা সমাধানে পৌর কর্মকর্তাদের এক সপ্তাহ সময় বেঁধে দেন আমির হামজা। এসময় তিনি পৌর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘অতীতে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে। সামনে কোন দুর্নীতি যেন না হয়।’সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, পুলিশ সুপার জসীম উদ্দিন, পৌর প্রশাসক আহমেদ মাহবুবউল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১০ অপরাহ্ণ