৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন।

বৃহস্পতিবার ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রকাশিত এ তালিকায় শামীমের নাম পাওয়া যায়নি।

গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে এ বিসিএস থেকে শেষ মুহূর্তে বাদ পড়লেন চূড়ান্ত ফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন। এ তালিকায় শামীম শাহরিয়ারও রয়েছেন।

এর আগে গত ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চূড়ান্ত ফল প্রকাশের সময় শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেন। শামীমের শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।