ফেনী-২ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া দীর্ঘ ৩২ ঘণ্টা অনশনে থাকার পর তাঁর দাবি আদায় করতে সক্ষম হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি অনশন ভাঙার ঘোষণা দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় রিটার্নিং কর্মকর্তা। এই ঘোষণার পর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া নিজে পানি খাইয়ে তারিকুল ইসলাম ভূঁইয়ার অনশন ভাঙান।

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া নিশ্চিত করেছেন যে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচনসংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পক্ষপাতমূলক আচরণ এবং প্রার্থীকে হুমকির অভিযোগ তুলে গত বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসেছিলেন তারিকুল ইসলাম ভূঁইয়া। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনী মাঠ সবার জন্য সমান নয় এবং প্রশাসনের নির্দিষ্ট কিছু কর্মকর্তা একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার জন্য প্রার্থীদের হয়রানি করছেন।দাবি আদায়ের পর এক প্রতিক্রিয়ায় তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এটি কোনো একক ব্যক্তির বিজয় নয়—এটি গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম, সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের সম্মিলিত বিজয়।’ এই অর্জনের জন্য তিনি ফেনী জেলার সচেতন নাগরিক এবং দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে জনগণের অধিকার রক্ষায় এই লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন।