ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানো এবং ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার খনগাঁও ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ইশফাকুল কবীর।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক শাহিন

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী প্রচারণা চলাকালে আচরণবিধি অমান্য করা এবং ভোটারদের মাঝে অর্থ বিতরণের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, “নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে।”