ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।
শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদিকে আওয়ামীলীগের ওই কার্যালয় খুলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে মন্তব্যের ঝড় উঠে।
চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথমের যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি তথা আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীগকে তিনি আজ তালামুক্ত অবমুক্ত করেছেন।ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে বলতে শোনা যায়, আমাদের নামে মিথ্যে মামলা হয়েছে সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয় এই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু দাউদ প্রধানের কাছে।
সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপনকে বলতে শোনা যায়, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিবিনি খেলার চেষ্টা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারো নস্যাৎ করবো। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, এই অফিসটি জামায়াতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ এলাকায় অনেক মানুষ নিয়ে অফিসটি খুলেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এই অফিসটি আপাতত আমরা মুক্তিযোদ্ধা বসবো। আওয়ামীলীগের কোন কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না।