চট্টগ্রামের ফটিকছড়িতে পবিত্র মাহে রমজানের প্রথম রাতে তারাবির নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় মো. মাহাবুল আলম (৬২) নামে এক মুসল্লির মুত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি মসজিদে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মাহাবুল আলম ওই ওয়ার্ডের কালামিয়া দফাদার বাড়ির মরহুম বাচা মিয়ার পঞ্চম সন্তান।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন তিনি এশা ও তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হন। তারাবির নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদায় থাকা অবস্থায় তিনি হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন। রাকাত শেষে অন্য মুসল্লিরা দাঁড়িয়ে গেলেও তিনি দীর্ঘক্ষণ সিজদাবনত অবস্থায় থাকেন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে ডাকার চেষ্টা করলে দেখা যায় তিনি আর বেঁচে নেই। নামাজের মধ্যেই তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান।

​শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ছৈয়্যাদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।