যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে একটি ভাড়া ফ্ল্যাটে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোনসহ ডিজিটাল আলামত জব্দ করা হয়। অভিযানে আরও ২ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন ঘোপ সেন্ট্রাল রোডের পপি কটেজ নামক ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে অনলাইনে জুয়া ও বেটিং পরিচালনার সময় ৮-৯ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ৭ জনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মেহেদী হাসান (৩৪), আরিফুল শিকদার, হাফিজ (২০), ফায়াদ আল সুমন (২৫), মোঃ তামিম (২০), মোঃ হাফিজ শেখ (২১) এবং মোঃ হাসিব (২০)। তাদের বাড়ি পিরোজপুর, যশোর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে অবৈধ অনলাইন জুয়ার সাইট পরিচালনা, বেটিং এজেন্সি কার্যক্রম এবং অর্থনৈতিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ফেসবুকসহ সামাজিক মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন প্রচারের প্রমাণও মিলেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০, ২৪ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।