বাংলাদেশের যত উন্নয়ন, সব জিয়া পরিবারের হাত ধরেই হয়েছেঃ ব্যারিস্টার জাহান সিরিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জাহান সিরিন বলেছেন, দেশের যত উন্নয়ন হয়েছে, সবই জিয়া পরিবারের হাত ধরে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ইন্দুরকানীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন।
তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির মনোনীত প্রতীক ‘ধানের শীষে’ ভোট দিতে হবে। কোনো মিথ্যা আশ্বাসে পড়ে পবিত্র ভোট নষ্ট করা যাবে না।
শনিবার বিকেল ৩টায় ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ইন্দুরকানী উপজেলা খালেদা জিয়ার সৃষ্টি। এখানে বিএনপির ঘাঁটি রয়েছে, স্বাধীনতাবিরোধী কোনো শক্তির স্থান নেই। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কৃষকদের স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে। এলাকার সবচেয়ে বড় সমস্যা বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আব্দুল কালাম আকন, কেন্দ্রীয় যুবদল নেতা আলী আকবর চন্নু, জাহাঙ্গীর আলম দুলাল, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম, জাসাস সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ফয়জুল কবির তালুকদার, আলমগীর কবির মান্নু, জিএম ফরুক হোসাইন, মাস্তান হাফিজ, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, মো. শাহীন হাওলাদার, মাসুদ করিম ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।


আপনার মতামত লিখুন